প্রস্তাবিত ২০১৬-১৭ বাজেটের ওপর সাধারণ আলোচনার প্রথম দিনেই বক্তার সংকট থাকায় আগেভাগে সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে।
সংসদ অধিবেশনের সভাপতির দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া অনেকটা বাধ্য হয়েই দুপুর সোয়া ১২টায় সংসদ অধিবেশন মুলতবি করেন।
বুধবার সংসদ অধিবেশন শুরু হলে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের শেষে অন্য মন্ত্রীদের প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করে ডেপুটি স্পিকার প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা শুরু করেন।
এতে চারজন সংসদ সদস্য আলোচনায় অংশ নেন। তারা হলেন- সরকারি দলের অধ্যাপক আলী আশরাফ, আবু সাইদ আল মাহমুদ স্বপন, ইসরাফিল আলম ও স্বতন্ত্র সদস্য তাহজীব আলম সিদ্দিকী।
ইসরাফিল আলমের বক্তব্য শেষ হওয়ার পরপরই দুপুর সোয়া ১২টার দিকে ডেপুটি স্পিকার সবার দৃষ্টি আকর্ষন করে বলেন, 'বাজেট আলোচনার জন্য মোট ৪৫ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১০ ঘণ্টা বিরোধী দলের। বাকি সময়টা স্বতন্ত্র সংসদ সদস্যসহ সরকারি দলের।'
'কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি, বিরোধী দলের একজন সদস্যেরও নাম দেয়া হয়নি। সরকারি দলের সদস্যরা অনেকে উপস্থিত থাকলেও বক্তব্য দিতে অনীহা প্রকাশ করেছেন। বাধ্য হয়ে আমাকে সোয়া ১২টায় অধিবেশন মুলতবি করতে হচ্ছে' যোগ করেন তিনি।
এ সময় ডেপুটি স্পিকার আরও বলেন, 'আপনারা এখন নাম দিচ্ছেন না। কিন্তু পরবর্তীতে আপনারা সময় চাইলে আপনাদের চাহিদামতো সময় দেয়া যাবে বলে আমি বিশ্বাস করি না।'
এমআইএস





