সাভারে বিকাশকর্মীর কাছ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকালে ও রাতে পৃথক অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে তাদের আটক করা হয়।

আটকরা হলো- গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা এলাকার হায়দার আলী মিয়া (৫৫), তার দুই ছেলে ফিরোজ আলী (২৫) ও ফেরদৌস আলী (২০) এবং সাভার পৌর এলাকার নামা গেন্ডা মহল্লার আনু মিয়ার ছেলে মো. দিপু (২২)।

আহত বিকাশকর্মী মো. রাজিব জানান, সকাল সাড়ে ১১টার দিকে বিভিন্ন এজেন্টের কাছ থেকে আদায় করা টাকা নিয়ে অফিসে ফেরার পথে গেন্ডা কবরস্থান রোডের কাছে পৌঁছলে চার ছিনতাইকারী তার উপর হামলা চালায়।

এসময় ছিনতাইকারীরা রাজিবের চোখে-মুখে মরিচের গুড়া ছুঁড়ে দিয়ে তাঁর কাছে থাকা পাঁচ লাখ ৩৬ হাজার টাকাসহ ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে তিনি সাভার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তার বর্ণনা অনুযায়ী বিকালে গেন্ডা এলাকায় অভিযান চালিয়ে হায়দার আলী (৫৫) ও তার ছেলে ফিরোজ আলীকে (২৪) আটক করা হয়।

এদিকে বাবার আটকের খবর পেয়ে হায়দারের ছোট ছেলে ফেরদৌস আলী (২০) থানায় গিয়ে পুলিশের কাছে ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা শিকার করেন। এসময় তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ছিনতাই কাজে জড়িত বাকি সদস্যদের নাম-পরিচয় পুলিশকে জানিয়ে দেয়। পরে রাত ১১টার দিকে ফেরদৌসের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে দিপুকে (২৪) আটক করা হয়।

সাভার মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল মোতালেব মিয়া জানান, টাকা উদ্ধারসহ বাকি ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

কেএইচ