বরিশাল জেলার বানারীপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও চিত্রপরিচালক এনায়েত করিমের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলট বিদ্যালয় মাঠে তৃতীয়, ১০টায় তার বিদ্যাপীঠ বাইশারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে চতুর্থ ও গরদ্দার গ্রামে তার প্রতিষ্ঠিত জামিলা খাতুন এতিমখানা ও জামে মসজিদ কমপ্লেক্স মাঠে পঞ্চম জানাজা অনুষ্ঠিত হয়।
তাকে সকাল ১১টায় পারিবারিক কবরস্থানে মা জামিলা খাতুন ও বাবা রজ্জব আলী মিয়ার কবরের পাশে দাফন করা হয়।
এসময় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। জানাজায় পৌরসভার মেয়র গোলাম সালেহ মঞ্জু মোল্লা, জেলা বিএনপি নেতা মোস্তাক আহম্মেদ শামিম, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক এ্যাডভোকেট মাওলা হোসেন সানা, উপজেলা বিএনপির সম্পাদক গোলাম মাহমুদ মাহবুব মাস্টারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
রোববার রাতে ব্রেনস্ট্রোকে আক্রান্ত এনায়েত করিমকে ঢাকার ল্যাব-এইড হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকাল ৮টায় চিকিৎসক তার লাইফ সাপোর্ট খুলে নেন ও মৃত ঘোষণা করেন।
জেআই





