বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার চ্যাটার্টন ডিকসন বলেছেন, ২০৫০ সালের মধ্যে কার্বন-নিরপেক্ষ সমাজ গড়ার লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাজ্যের একসাথে কাজ করার সুযোগ রয়েছে। বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক দীর্ঘ সময়ের।

তিনি বলেন, কার্বনের প্রভাব কমাতে আমরা একসাথে ভালো চর্চা চালাতে পারি। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জের সাথে মানিয়ে নেয়ার ক্ষেত্রে বাংলাদেশ অন্যতম একটি সফল দেশ। মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে আমরা সহায়তা করবো।

শনিবার সকালে তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের শিশুপল্লী প্লাস পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

ব্রিটিশ হাইকমিশনার ডিকসন বলেন, কপ২৬ সামিটে বাংলাদেশের অন্যতম অবদান রয়েছে। বাংলাদেশ জাতীয়ভাবে অনেক কিছু অর্জন করেছে। এ অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় অবদান রয়েছে। আমরা মনে করি, কার্বনবিহীন ভবিষ্যৎ গড়তে পুরো বিশ্ব একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকার নিজেদের শক্তি ও পরিকল্পনায় কার্বনবিহীন সমাজ গড়তে যেসব পরিবর্তন করেছে, আমরা সেটিকে স্বাগত জানাই।

তিনি আরো বলেন, শুধু মানবসেবা নয়, উন্নত মানবজাতি গঠনে শিশুপল্লী প্লাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা পরিবার ও সমাজ থেকে হারিয়ে যাওয়া শিশু কিশোরদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ভূমিকা রাখছে। একইসাথে অসহায় নারী ও মায়েদের সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠিত করতে কারিগরি শিক্ষা প্রদানে অবদান রাখছে। আমি শিশুপল্লী প্লাস-এর এসব কার্যক্রম দেখে খুশি হয়েছি। আমি শিশুপল্লী প্লাসকে সহযোগিতা করার চেষ্টা করব।

ব্রিটিশ হাইকমিশনার মি. ডিকসন শনিবার সকাল ১০টায় ‘শিশু পল্লী প্লাস’ পরিদর্শন করে শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক কর্মসূচি উপভোগ করেন। এর আগে তিনি প্রতিষ্ঠানটির তাঁতশিল্প, তৈরী পোশাক শিল্প, হস্ত ও কুটিরশিল্প, হাতে ভাজা নিরাপদ মুড়ি তৈরি, সবজি উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেন। পরে নারী ক্রিকেটারদের সঙ্গে ফটোসেশন করেন।

এ সময় ব্রিটিশ হাইকমিশনারের স্ত্রী তেরেসা আলবর, শিশু পল্লীপ্লাস-এর ওভারসীজ ডাইরেক্টর পেট কার, ব্রিটিশ হাইকমিশনের কনসুলার কমার্স ডেরিক গ্রিফিটস, শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল কুমার হালদার, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি আলমগীর হোসেন, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি প্রভাষক আবু বকর সিদ্দিক আকন্দ, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

এবিএস