নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রায়হান প্রধান (২৮) ছুরিকাঘাতে নিহত হয়েছেন। বন্ধুদের ঝগড়া মেটাতে গিয়ে বন্ধুর ছুরিকাঘাতে তিনি নিহত হন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার চৈতি গার্মেন্টসের সামনের একটি ক্লাবে এ ঘটনা ঘটে।
নিহত রায়হান প্রধান উপজেলার কামারগাঁও গ্রামের আব্দুস সোবহান প্রধানের ছেলে। রায়হান প্রধান মেঘনা গ্রুপে কর্মরত ছিলেন বলে জানান তার চাচা জামান হোসেন প্রধান। তিনি দাবি করেন তার ভাতিজা কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহাগ রনি জানান, দুপুর দেড়টার দিকে ওই ক্লাবে বসে ছিলেন তিন বন্ধু রায়হান, মোহন ও আলাল। এ সময় মোহন ও আলালের মধ্যে টাকা-পয়সা নিয়ে বিরোধ হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় বিরোধ মেটাতে রায়হান দু’বন্ধুর মাঝখানে অবস্থান নিলে ছুরিকাঘাতে তিনি জখম হন।
তিনি জানান, এ সময় রায়হানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ৩টায় তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল ক্যাম্প সহকারী ইনচার্জ এএসআই সেন্টু চন্দ্র দাশ জানান, লাশের ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সোনাগাঁও থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
এমএম





