স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এ বছর আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোই ছিল এবং সুন্দরভাবে কেটেছে। ২০১৫ সালও ভালো যাবে এবং ২০১৯ সাল পর্যন্ত ভালোই থাকবে।
মঙ্গলবার দুপুরে চাঁদপুর শহরের ইচলীঘাট এলাকায় ডাকাতিয়া নদীতীরে কোস্টগার্ড স্টেশনের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অগণতান্ত্রিক উপায়ে আন্দোলন-সংগ্রাম করে নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না। ৫ জানুয়ারি বিএনপির সমাবেশের বিষয়টি তাদের কার্যক্রমের উপর ভিত্তি করে আইনশৃঙ্খলা বাহিনী সিদ্ধান্ত নেবে।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, কোস্টগার্ডকে শক্তিশালী করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। উদ্বোধনকৃত স্টেশনটি চট্টগ্রাম-ঢাকা নৌপথের চাঁদপুর অংশের নিরাপত্তা বিধান এবং মেঘনা নদীতে জাটকা নিধন বন্ধের বিষয়ে জোরালো ও কার্যকর ভূমিকা রাখবে। নানাবিধ সীমাবদ্ধতার মধ্য দিয়েও চোরাচালান রোধ, জাটকা নিধন, সমুদ্র নৌপথ সুরক্ষাসহ বিভিন্ন আইনশৃঙ্খলার কাজে কোস্টগার্ড নিয়োজিত থেকে অভাবনীয় সাফল্য অর্জন করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি, কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন, জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, পুলিশ সুপার মো. আমির জাফর, চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, সদর উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ইউসুফ গাজী প্রমুখ। অনুষ্ঠানে কোস্টগার্ড ছাড়াও সামরিক ও বেসামরিক বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গতবছরের ২০ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁদপুর কোস্টগার্ড স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। স্টেশনটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১০ কোটি টাকা। ৫ একর জমির উপর নির্মিত এ স্টেশনে দুইটি তিনতলা বিশিষ্ট ভবন রয়েছে। বর্তমানে ৩৫ জন কোস্টগার্ড সদস্য কর্মরত রয়েছেন।
জেআই





