বিরলরোগে আক্রান্ত ‘বৃক্ষমানব’ আবুল বাজানদারের চিকিৎসায় ফের নতুন করে ৯ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

আজ (২২ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক প্রফেসার ড. আবুল কালামকে প্রধান করে এই মেডিকেল বোর্ড গঠন করা হয়।

গতকাল(সোমবার) বৃক্ষমানব বাজানদার পুনরায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হন।

প্রফেসার ড. আবুল কালাম জানান, বাজানদারের চিকিৎসার জন্য নতুন করে সিদ্ধান্ত নেয়া হয়েছে। তার চিকিৎসার জন্য আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। সেই পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হবে।

আবুল বাজানদার ২০১৬ সালে তিনি ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হন। আড়াই বছর হাসপাতালে ছিলেন তিনি। এখানকার চিকিৎসকরা তার হাতে ও পায়ে ২৫টি অস্ত্রোপচার করে।

চিকিৎসার এক পর্যায়ে গত বছরের ২৬ মে তিনি কাউকে কিছু না জানিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান। এত অস্ত্রোপচারেও ভালো না হওয়ায় তিনি হতাশ হন। এতে নিরাশ হয়েই তিনি পালিয়ে যান।

‘বৃক্ষমানব’ বাজানদার বলেন, “আমি ভুল বুঝতে পেরেছি। পালিয়ে যাওয়াটা ঠিক হয়নি। আমি বাঁচতে চাই, সাধারণ মানুষের মতো সুস্থ হয়ে কাজ করতে চাই। আবারও ফিরে এসেছি চিকিৎসার জন্য।”

এমবি