প্রবাবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ফরিদপুর বিভাগ হিসেবে বাস্তবায়ন করা এখন সময়ের ব্যাপার। কারণ, জাতীয় সংসদে অনুমোদিত প্রস্তাব বাতিল করার কোনো সুযোগ নেই।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে ফরিদপুরের শহরতলীর বদরপুরে নিজ বাড়িতে একটি ত্রৈমাসিক পত্রিকার মোড়ক উন্মোচন করে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী ফরিদপুরের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে জানান, ফরিদপুরে ইপিজেড হবে। এ জন্য কৈজুরি ও গেরদা ইউনিয়নসংলগ্ন গজবাড়ীয়া চক এলাকায় ৯০০ একর জমি দেওয়া হয়েছে। এখানে দুই শতাধিক শিল্পপ্রতিষ্ঠান স্থাপন করা হবে।

মন্ত্রী জানান, কুমার নদ খনন করার জন্য ৯৪ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ ছাড়া এই সরকারের শেষ পর্যায়ে ফরিদপুরে একটি জাতীয় বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।

ত্রৈমাসিক পত্রিকা প্রশাসন বার্তার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মন্ত্রী জানান, প্রশাসন বার্তা নিয়মিতভাবে প্রকাশিত হবে। এতে প্রশাসনসহ জেলার সব উন্নয়নমূলক খবর প্রকাশিত হবে। তিনি সাংবাদিকদের গঠনমূলক সমালোচনার পাশাপাশি উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার আহ্বান জানান। তিনি বলেন, প্রশংসা না পেলে কাজ করে আনন্দ পাওয়া যায় না।

অনুষ্ঠানে জেলা প্রশাসক সরদার সরাফত আলী ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বক্তব্য দেন।

এএইচ