সিরাজগঞ্জে লিমা নামে এসএসসি’র এক পরীক্ষার্থীকে দা দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার ভাই ও চাচাকেও পিটিয়ে আহত করা হয়।
আমগাছের ডাল কাটা নিয়ে বিরোধের জের ধরে সদর উপজেলার গুপিরপাড়ায় মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
আহত নুরুল ইসলাম জানান, উপজেলার গুপিরপাড়া বাজারের আব্দুল হাইয়ের একটি আমগাছের ডাল প্রতিবেশী শফিকের ঘরের চালের উপর গিয়ে পড়ে। শফিক মঙ্গলবার সকালে ডালটি কেটে ফেলেন। এ ঘটনায় আব্দুল হাইয়ের অপর ভাই নুরুল ইসলাম প্রতিবাদ করলে শফিক তাকে আমের ডাল দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন।
তার চিৎকারে আব্দুল হাইয়ের এসএসসি পরীক্ষার্থী মেয়ে লিমা ও লিমার ৯ম শ্রেণী পড়ুয়া ভাই মেহেদী হাসান এগিয়ে গেলে তাদেরকেও ডাল দিয়ে পিটিয়ে আহত করা হয়। এ সময় লিমাকে হাতে থাকা দা দিয়ে মাথায় কোপও দেয় শফিক। পরে প্রতিবেশীরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।
পরিবারের লোকজন জানান, শনিবার (৭ মার্চ) লিমার পরীক্ষা রয়েছে। তবে সে পরীক্ষায় অংশ নিতে পারবে কি না-তা এখন অনিশ্চিত বলে কর্তব্যরত চিকিৎসক ফয়সাল আহম্মেদ জানিয়েছেন।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তার স্বজনরা জানিয়েছেন।
এমকে





