হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দুদিক থেকে চার গাড়ির সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজন হয়েছে। আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন আরও তিনজন।

শুক্রবার (৬ জানুয়ারি) দিনগত রাত তিনটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কমলাটিলা গ্রামের বাসিন্দা মাইক্রোবাস চালক সাদির আলী (২৫), একই উপজেলার মাদানগর গ্রামের মৃত নূরুল হকের ছেলে আতিকুর রহমান সিহাব (১৫) ও কমলগঞ্জ উপজেলার বেড়াছড়া গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে মালয়েশিয়া প্রবাসী আব্দুস সালাম (৩২), তার স্ত্রী সাদিয়া বেগম (২৬) ও তাদের মেয়ে হাবিবা আক্তার (২)। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

তবে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সেকেন্ড অফিসার জসিম উদ্দিন বলেন, ঘটনাস্থলে থেকে তিনজনের মরদেহ পাওয়া যায়। আহত পাঁচজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুনেছি সেখানে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়েছে।

লাশ বহনকারী অ্যাম্বুলেন্সচালক মামুন বলেন, ‘সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গুরুতর আহত সাদিয়া বেগম ও তার মেয়ে হাবিবা আক্তার মারা যান। তাদের মরদেহ মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার বেড়াছড়া গ্রামে পৌঁছে দেওয়া হয়েছে।

এইচএম