রাজধানীর কেরানীগঞ্জ পাড় গেণ্ডারিয়া এলাকার একটি বাড়িতে ঘুমের সময় মশার কয়েল থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ও পরে বিদ্যুতের তার বিষ্ফোরণে একই পরিবারের ৫ সদস্য অগ্নিদগ্ধ হয়েছেন।
বুধবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধ ৫ জন হলেন, মা রহিমা বেগম (৫০), মেয়ে মোসাম্মত সালসা (৩০), সোনিয়া আক্তার (১৪), ভাই মো. রকি (২৭) ও মো. আকাশ (১২)।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, মা রহিমা বেগমের প্রায় ৯০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা বেশ আঙ্কাজনক।
তিনি জানান, এছাড়া সালমার ১৭ শতাংশ, সোনিয়া ২০ শতাংশ, রকি ৩১ শতাংশ, আকাশের ৩৫ শতাংশ পুড়ে গেছে। তাদের চিকিৎসা চলছে।
এ ব্যাপারে ওই বাড়ির বাড়িওয়ালা নাসির উদ্দিন জানান, হঠাৎ ভোরে আগুন আগুন বলে চিৎকার শুনে প্রতিবেশীসহ আমরা ছুটে যাই। ততক্ষণে পরিবারের প্রত্যেকেই আগ্নিদগ্ধ হয়ে যান।
তিনি জানান, এরপর তাদের উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তারা জানিয়েছেন মশার কয়েল থেকে আগুন লেগে তা সম্পূর্ণ ঘরে ছড়িয়ে পড়লে তারা অগ্নিদগ্ধ হন।
জানা গেছে, অগ্নিদগ্ধ একই পরিবারের ওই ৫ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে মা রহিমা বেগমের (৫০) অবস্থা আশংকাজনক।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





