মা শব্দটি অতি মধুর। কোন কিছুর সাথে মায়ের তুলনা হয় না। সন্তানের সবচেয় নিরাপদ আশ্রায়স্থলের নাম মায়ের কোল। কিন্তু এই মায়ের হাতেই পাঁচ বছরের পুত্রকে প্রান দিতে হয়েছে পাবনার ভাঙ্গুড়া উপজেলার কালিকাদহ গ্রামে।

রবিবার দুপুরে উপজেলার কালিকাদহ গ্রামে এ ঘটনা ঘটে। মায়ের নাম রুবিনা। তিনি কালিকাদহ গ্রামের দিনমজুর আব্দুল আলিমের স্ত্রী।

জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে স্বামী ও শাশুরির ওপর রাগ করে রবিবার দুপুরে রুবিনা খাতুন প্রথমে তার একমাত্র সন্তান রাহুলকে (৫) ওষুধ খাওয়ানোর কথা বলে বিষ পান করান। পরে তিনি নিজেও বিষ পান করেন। কিছুক্ষণের মধ্যে তারা অসুস্থ হয়ে পড়লে আব্দুল আলিম দ্রুত তার স্ত্রী ও পুত্রকে ভাঙ্গুড়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. শাহাদত হোসেন জানান, মা-ছেলের পাকস্থলি ওয়াশ করার পর তাদের পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ভাঙ্গুড়া থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, তদন্তের জন্য কালিকাদহ গ্রামে পুলিশ পাঠানো হয়েছে।

এআই