মেঘনা নদীর চাঁদপুর এলাকায় দুই লঞ্চের সংঘর্ষে অন্তত ১০ যাত্রী আহত হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত ৪ জনকে ঢাকা প্রেরণ করা হয়েছে।
রোববার রাত সোয়া ১২টার দিকে ভোলার লালমোহন উপজেলা থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী এমভি পাতার হাট-৪ ও এমভি সৈকত-১৪ লঞ্চের সাথে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পাতারহাট-৪ লঞ্চের কেরানী শাহে আলম সাংবাদিকদের জানান, রোববার বিকাল ৪টায় তার লঞ্চটি লালমোহন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে ছেড়ে যায়।
রাত সোয় ১২টার দিকে মেঘনা নদীর চাঁদপুর এলাকায় গেলে পটুয়াখালী গামী এমভি সৈকত-১৪ লঞ্চটি পাতারহাট-৪কে মাঝ বরাবর ধাক্কা দেয়।
ঘুমিয়ে থাকা যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে পাতাহরহাট-৪ লঞ্চে থাকা অন্তত ১০ যাত্রী আহত হয়। আহতদের মধ্যে ৪ জনকে চাঁদপুর নামিয়ে রাতেই দ্রুত ঢাকা প্রেরণ করা হয়।
এ সংঘর্ষে পাতারহাট-৪ লঞ্চের একাংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। পরে দুর্ঘটনা কবলিত লঞ্চটি সোমবার সকালে নিরাপদে ঢাকায় পৌছায়।
এআর





