রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় অজ্ঞাত (৩৩) এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে নীলফামারীর সৈয়দপুর উপজেলার সৈয়দপুর-নীলফামারী সড়কের ধলাগাছ নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অজ্ঞাত যুবকটি বাইপাস সড়ক দিয়ে রাস্তা পার হবার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
তবে যুবকটির পরিচয় কেউ জানাতে পারনি। ঘটনার পর থেকে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ করে দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে রাত সাড়ে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক করে।
সৈয়দপুর থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে। লাশ বর্তমানে থানায় নিয়ে আসা হয়েছে। সড়ক থেকে বিক্ষুব্ধদের তুলে দেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে বলেও জানান তিনি।
এআর





