কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলা-গুলির ঘটনা ঘটেছে। শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার সীমান্তবর্তী চল্লিশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির লাঠিচার্জে ৭ জন আহত হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ইউনিয়ন পরিষদ নির্বাচন সংক্রান্ত পূর্ব বিরোধ ও ফসলের জমিতে ঘাস কাটা নিয়ে চল্লিশপাড়া গ্রামের শরিফুল ইসলাম কামু ও আমজাদ হোসেনের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে।

সংঘর্ষ চলাকালে শরিফুল ইসলাম কামু প্রতিপক্ষকে লক্ষ্য করে পর পর ২ রাউন্ড গুলি ছোড়ে। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় রামকৃষ্ণপুর বিওপির বিজিবি সদস্যরা হামলাকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। এতে কারু (৪২), আলাউদ্দিন (৩০), নাহিদ (২৪), হাবিল (৩৫) ও মিনাজুলসহ (৩২) ৭ জন আহত হয়।

গুরুতর অবস্থায় কারুকে দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে জড়িতদের আটকে অভিযান চালায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আসাদুজ্জামান চাকলাদার জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনায় জড়িতদের আটকে অভিযান চলছে।

এমআর