উত্তরাঞ্চলের অনির্দিষ্টকালের ধর্মঘটে ১৬ জেলায় পণ্য পরিবহন অচল হয়ে পড়েছে।
‘উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংক লরি, কাভার্ডভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের’ সাত দফা দাবিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে উত্তরাঞ্চলে অনির্দিষ্টকালের জন্য পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এতে বন্ধ রয়েছে ১৬ জেলায় পণ্য পরিবহন।
তবে বাস, প্রাইভেটকারসহ অন্যান্য সব যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে খবর পাওয়া গেছে।
বুধবার দুপুরে বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির কার্যালয়ে ‘উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংক লরি, কাভার্ডভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের’ আন্দোলন বাস্তবায়ন কমিটির সভায় এ ধর্মঘটের সিদ্ধান্ত নেয়া হয়।
কমিটির আহ্বায়ক আবদুল মান্নান আকন্দের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে রাজশাহীর সাদরুল ইসলাম ও মাইনুল হক মানা, বগুড়ার খোরশেদ আলম, সিরাজগঞ্জের রেজুয়ান খান ও আকমল হোসেন, গাইবান্ধার মোক্তাদুর রহমান মিঠু ও রোস্তম আলী, দিনাজপুরের সাদাকাতুল বারী, নাটোরের মোস্তারুল ইসলাম আলম প্রমুখ নেতা উপস্থিত ছিলেন।
এমবি





