নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা বিদ্রোহী প্রার্থীর এক সমর্থককে কুপিয়ে হত্যা করেছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়ন পরিষদের চতুর্থ ধাপের নির্বাচন চলাকালিন রায়পুরা উপজেলার শ্রীনগর রংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে।
সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরো ৫ জন। তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রায়পুরা থানা পুলিশ জানায়, জাল ভোট দেয়াকে কেন্দ্র করে শ্রীনগর রংপুর কেন্দ্রে আওয়ামীলীগ প্রার্থী রিয়াজ মোর্শেদ খান রাসেল ও আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আযান চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।
এসময় আওয়ামী লীগ দলীয় প্রার্থীর সমর্থকরা বিদ্রোহী প্রার্থীর সমর্থক সুমন হোসেন নামে এক যুবককে কিরিস দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। এছাড়া সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫ জন টেঁটাবিদ্ধ হন।
আহতদের সবাইকে নরসিংদী হাসপাতালে ভর্তি করা হয়। সুমনের অবস্থা আশংকাজনক হওয়ায় সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।
নিহত সুমন বিদ্রোহী প্রার্থী আযান চৌধুরীর ভাগিনা।পুলিশ জানায়, এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণ করেন তারা।
এদিকে বিদ্রোহী প্রার্থীর সমর্থক নিহত হওয়ার ঘটনায় ওই ইউনিয়নে চরম উত্তেজনা দেখা দিয়েছে।
তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এআই





