বগুড়ার দুপচাচিয়া উপজেলায় জামায়াত-পুলিশ সংঘর্ষে ২ পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।
বুধবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার নওগাঁ-বগুড়া সড়কের সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
দুপচাচিয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন জানান, হঠাৎ করে জামায়াত-শিবিরের লোকজন চারদিকে থেকে বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হতে থাকে। এ সময় পুলিশ তাদের বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৭ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে।
ওসি আরো বলেন, জামায়াত-শিবিরের ইটপাটকেলের আঘাতে এ সময় দুই পুলিশ সদস্য আহত হন।
এসময় পুলিশ সদস্য ছাড়াও আরো ৫/৬ জন আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
উল্লেখ্য, বুধবার সকালে যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে করা সাঈদীর আপিল মামলার চূড়ান্ত রায়ে সাজা কমিয়ে তাকে এ দণ্ডাদেশ দেওয়া হলো।
বুধবার সকালে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের ৫ সদস্যের আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এ রায় দেন। অন্য ৪ বিচারপতি হচ্ছেন, বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





