নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা খালেদা খানমকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার প্রতিবাদে রোববার (১৪ মে) থেকে বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছে উপজেলা শিক্ষক সমিতি।

উল্লেখ্য, বুধবার দুপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে এ ঘটনাটি ঘটে।

শিক্ষিকা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার দুপুরে টিফিনের সময় ৪র্থ শ্রেণীর ছাত্র শাহদাত হোসেন মাঠে খেলার সময় হোঁচট খেয়ে পড়ে গিয়ে একটু আহত হয়। আহত ছাত্র শাহদাতকে শিক্ষকরা প্রাথমিকভাবে অফিস রুমে চিকিৎসা দেয়ার সময় নুর হোসেন নামে স্থানীয় এক যুবক বিদ্যালয়ে এসে উপস্থিত হয়।

এ ঘটনায় সহকারী শিক্ষিকা খালেদা খানমের ওপর ক্ষিপ্ত হয়ে শিক্ষিকাকে মারধর করে জখম করে নূর হোসেন। পরে অন্য শিক্ষকরা খালেদা খানমকে কবিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে এনে প্রাথমিক চিকিৎসা দেয়। ঘটনায় বর্তমানে ওই শিক্ষিকা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।

এদিকে, শিক্ষিকা লাঞ্ছনার ঘটনায় মামলা হওয়ার পরও অভিযুক্ত নুর হোসেন গ্রেপ্তার না হওয়ায় শনিবার বিকেল ৪টায় এক জরুরি সভা করে বিভিন্ন কর্মসূচির ঘোষণা করে উপজেলা শিক্ষক সমিতি।

কবিরহাট উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও করমবক্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদের এ ঘটনার তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করে অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

তিনি জানান, ‘কর্মসূচির অংশ হিসেবে রোববার উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা কালো ব্যাচ ধারণ এবং সোমবার কবিরহাট উপজেলা ভবনের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করবেন।’

কবিরহাট থানার পুলিশ পরিদর্শক মো. শাহেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনায় শিক্ষিকা খালেদা খানম বাদী হয়ে নুর হোসেনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত নুর হোসেনকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এমআইএস