ঘূর্ণিঝড় ‘মোরা’এগিয়ে আসায় সোমবার সন্ধ্যার মধ্যে উপকূলীয় জেলাগুলোর নিচু এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

উপকূলীয় ১৯ জেলায় ইতোমধ্যে এলাকায় প্রস্তুতি সভা করেছে স্থানীয় প্রশাসন। বিভিন্ন জেলায় দুপুর থেকেই মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে পরামর্শ দেয়া হচ্ছে।

সোমবার সচিবালয়ে এক জরুরি সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিবের দায়িত্বে থাকা এ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা বলেন, স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে মানুষকে আশ্রয়কেন্দ্রে আনার ব্যবস্থা করতে। সন্ধ্যার আগেই তাদের নিরাপদ স্থানে নিয়ে আসা হবে।

তিনি আরো বলেন, জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সবাই সতর্ক আছেন। উপদ্রুত এলাকার মানুষের জন্য চাহিদা অনুযায়ী সকালেই খাদ্য বরাদ্দ দেয়া হয়েছে। খাদ্যের কোনো সমস্যা হবে না।

এমবি