যশোরের চিহ্নিত সন্ত্রাসী কাজী মাহবুবুর রহমান ওরফে কালা বাচ্চুকে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড গুলিসহ আটক করা হয়েছে।
শুক্রবার ভোর ৫টার দিকে যশোর র্যাব-৬ ক্যাম্পের সদস্যরা তাকে ঝিকরগাছা উপজেলার কাউরিয়া এলাকার একটি ঘেরের ঘর থেকে আটক করেন।
যশোর র্যাব-৬ ক্যাম্পের স্কোয়াডন লিডার নিয়াজ মোহাম্মদ ফয়সল বেলা ১১টার দিকে সাংবাদিকদের জানান, তাদের কাছে খবর ছিল কাউরিয়ার গেটপাড়া এলাকায় একটি মাছের ঘেরের ঘরে কালা বাচ্চু অস্ত্র বিক্রির জন্য অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এই সময় তার কাছ থেকে একটি ম্যাগজিনসহ নাইন এমএম পিস্তল ও দুই রাউন্ড গুলি, তিনটি ওয়ান শ্যুটার গান ও দুই রাউন্ড গুলি, একটি পাইপগান ও চার রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, কালা বাচ্চু একজন চিহ্নিত সন্ত্রাসী, অস্ত্র ব্যবসায়ী ও খুনি। ভাড়াটিয়া খুনি হিসেবে তার ব্যাপক পরিচিতি রয়েছে। র্যাব দাবি করে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যত খুনের ঘটনা ঘটে তার প্রতিটির সঙ্গেই কালা বাচ্চুর কোনো না কোনো সম্পর্ক থাকে। সে এতদিন এক শীর্ষ রাজনৈতিক বক্তির শেল্টারে ছিল। তার বিরুদ্ধে যশোর জেলার বিভিন্ন থানায় খুন, ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অস্ত্র ব্যবসায়ের বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। অস্ত্র আইনে একটি মামলা রুজু করে তাকে ঝিকরগাছা থানায় সোপর্দ করা হয়েছে।
কালা বাচ্চু ঝিকরগাছা পৌরসভাধীন কাউরিয়া এলাকার মৃত সৈয়দ আহমেদের ছেলে। তিনি যশোর শহরের ষষ্টিতলা পাড়ায় ভাড়া বাসায় থাকেন।
একএইচ





