জয়পুরহাটের পাইকরতলী গ্রামে ভাইকে হত্যা করে বোনকে অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনার মূল হোতা শিপনকে গ্রেফতার ও অপহৃত কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাতে সদর উপজেলার ভাদশা বাজার এলাকায় বোনের বাড়ি থেকে হত্যা-অপহরণ মামলার প্রধান আসামি শিপনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় ওই বাড়ি থেকে অপহৃত খাদিজাকে উদ্ধার করা হয়।
ঘটনার মূল হোতা আসামি শিপন জয়পুরহাট শহরতলীর খঞ্জনপুর এলাকার বাহার উদ্দীনের ছেলে।
এর আগে ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে হত্যা ও অপরহরণে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করে। তারা হলেন, বগুড়ার সদর উপজেলার নাটাইপাড়া গ্রামের জহুরুল, সোহেল রানা, রাজন, সৌরভ ও মানিককে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার রাতে বখাটে শিপনসহ ১২-১৫ জনের একটি দল মাইক্রোবাসযোগে সদরের দোঁগাছি ইউনিয়নের পাইকরতলী গ্রামের আবু তালেবের বাড়িতে হানা দেয়। তারা আবু তালেবের মেয়ে খাদিজা খাতুনকে তুলে নিয়ে যেতে যায়। কিন্তু খাদিজার বড় ভাই সবুজ(২৮) তাদের বাঁধা দেয়।
এতে ক্ষিপ্ত হয়ে অপহরণকারীদের উপুর্যপুরি ছুরিকাঘাত করে সবুজকে হত্যা করে খাদিজাকে তুলে নিয়ে যায়।
পরদিন শনিবার সন্ধ্যায় এ ঘটনায় খাদিজার মামা হাফিজার রহমান মিঠু বাদী হয়ে শিপনসহ ১৮ জনের বিরুদ্ধে হত্যা ও অপহরণ মামলা দায়ের করা হয়।
ঢাকা, ০৬ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস





