ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সহিংসতার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি।
শনিবার সকালে জেলা প্রশাককের কার্যালয়ে এ প্রতিবেদন জমা দেয়া হয়। তবে প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত জানাননি কর্তৃপক্ষ।
ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক গণমাধ্যমকে জানান, গত বুধবার প্রতিবেদন জমা দেয়ার কথা থাকলেও, তদন্ত শেষ না হওয়ায় আরও দুদিন সময় চেয়েছিলো কমিটি। সে অনুযায়ী আজ তদন্ত প্রতিবেদন জমা দেয়া হলো।
উল্লেখ্য, গত রোববার ফেসবুক মেসেঞ্জারে ধর্ম নিয়ে ‘কটূক্তির’ প্রতিবাদে বোরহানউদ্দিন পৌরসভার ঈদগাহ মাঠে সমাবেশ শেষে সংঘর্ষ, গুলি, টিয়ারশেল ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষে চারজন নিহত হন।
নিহতরা হলেন- বোরহানউদ্দিন উপজেলার মহিউদ্দিন পাটোয়ারীর মাদ্রাসাছাত্র মাহবুব (১৪), উপজেলার কাচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের দেলোয়ার হোসেনের কলেজপড়ুয়া ছেলে শাহিন (২৩), বোরহানউদ্দিন পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা মাহফুজ (৪৫) এবং মনপুরা হাজিরহাট এলাকার বাসিন্দা মিজান (৪০)।
এমআর





