বান্দরবানের একটি আবাসিক হোটেল থেকে মং নু মার্মা (৪২) নামে এক ইউপি মেম্বর প্রার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে শহরের মারমা বাজার সংলগ্ন প্রু আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রুমা উপজেলার পাইন্দু ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ সমর্থিত মেম্বর প্রার্থী ছিলেন।
পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ জানায়, দুপুরে হোটেলের ১০৫ নং রুমের দরজা বন্ধ অবস্থায় ভেতর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। এসময় রুমের দরজা ভেতর থেকে আটকানো দেখে হোটেলের কর্মচারীরা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই হোটেলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
তিনি রোববার (১০ এপ্রিল) সকালে ওই হোটেলে একটি রুম ভাড়া নেন।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মংনু মার্মার মৃত্যুর ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ওএফ





