বেনাপোল সীমান্তে এক চোরাচালানীর কাছ থেকে ৫০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোন পাচারকারী আটক হয়নি।
রোববার (২৪ এপ্রিল) সকাল ৮টার দিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমসের সামনে এক যুবককে ধাওয়া করে এ সিগারেট জব্দ করা হয়।
বিজিবি জানায়, তাদের কাছে গোপন সংবাদ আসে বেনাপোল চেকপোস্ট কাস্টমসে অবস্থিত ডিউটি ফ্রি শপ থেকে এক যুবক পাসপোর্ট যাত্রীর ছদ্মবেশে একটি ব্যাগে বিদেশি সিগারেট পাচার করছে। পরে কাস্টমস ভবন থেকে বের হওয়ার সময় ওই যুবককে ধাওয়া করলে সে তার হাতে থাকা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ তল্লাশি করে ৫০ কার্টন ইটালিয়ান ইজিলাইট সিগারেট পাওয়া যায়।
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুর রহিম বলেন, জব্দকৃত সিগারেট পরবর্তীতে যশোরে নিয়ে ধ্বংস করা হবে বলে জানান তিনি।
এদিকে, বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক ইমিগ্রেশন-কাস্টমস ভবনে অবস্থিত দু’টি ডিউটি ফ্রি শপ থেকে প্রতিদিন চোরাচালানীরা বিপুল পরিমাণ মাদ, সিগারেটসহ বিভিন্ন পণ্য পাচার করছে।
ইমিগ্রেশনে অবস্থিত কাস্টমস কর্মকর্তা ও ডিউটি ফ্রি শপের লোকজন অবৈধ সুবিধা নিয়ে কৌশলে চোরাচালানীদের কাছ থেকে এসব পণ্য ক্রয়ে সহযোগিতা করছে বলে একাধিক অভিযোগ রয়েছে।
ওএফ





