আবদুল লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ বাতিলের বিষয়ে তার এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্য শুনতে আগামী ২৩ আগস্ট (রোববার) নির্বাচন কমিশনে (ইসি) তাদের উপস্থিত হতে বলা হয়েছে। ওই দিন বেলা ১১টায় ইসি সচিবালয়ের সভাকক্ষে তাদের দু’জনকে নিয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
রোববার ইসির বিশেষ দূত মারফত চিঠি পাঠানো হয়েছে। ইসির উপ-সচিব (আইন শাখার) সেলিম মিয়া চিঠিতে স্বাক্ষর করেন।
ইসি সূত্রে জানা যায়, সংসদ সদস্য পদ বাতিলের বিষয়ে ২৩ আগস্ট লতিফ সিদ্দিকীর শুনানি করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সেদিন একইসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের শুনানিও অনুষ্ঠিত হবে।
এর আগে, নিজ নিজ অবস্থানের পক্ষে যুক্তি তুলে ধরতে বলা হলে ইসিতে চিঠি দিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন লতিফ সিদ্দিকী ও সৈয়দ আশরাফ।
লতিফ সিদ্দিকী তার চিঠিতে দাবি করেন, সরকারি সফরে হজ নিয়ে যে বক্তব্য তিনি দিয়েছেন, তা দলীয় নেতা হিসেবে নয় বিধায় তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত আওয়ামী লীগের ভুল ছিল। পরবর্তী সময়ে এ সিদ্ধান্তের ভিত্তিতে নেওয়া অন্য সিদ্ধান্তগুলোও ভুল।
অন্যদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফও একই দিনে ইসিতে দেওয়া চিঠিতে যুক্তি দেখিয়েছেন, যেহেতু লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের কেউ নন, তাই তার সংসদ সদস্য পদে থাকারও কোনো আইনগত অধিকার নেই।
এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেন, কোনো সিদ্ধান্ত দেওয়ার আগে দু’পক্ষকেই শুনানির সুযোগ দেওয়া উচিত। তাই তাদের শুনানি করেই সিদ্ধান্ত নেওয়া হবে।
এসএইচ





