মাগুরা সদর উপজেলায় মিন্টু গাজী (৩৭) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে সদর উপজেলার বরই গ্রামের সুইসগেট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, মিন্টু গাজী আন্তজেলা ডাকাত দলের সর্দার। তার নামে বিভিন্ন থানায় ১০টি ডাকাতি মামলা রয়েছে।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, রাত একটার দিকে বরই গ্রামে বন্দুকযুদ্ধের খবর পেয়ে সদর পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় ঘটনাস্থল থেকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় মিন্টু গাজীকে উদ্ধার করে। পরে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ সময় ঘটনাস্থল থেকে একটি শুটারগান, দুইটা গুলির কার্তুজ ও দুইটি দা উদ্ধার করা হয়েছে।  প্রতিপক্ষ ডাকাত দলের সাথে গুলিবিনিময়ের সময় মিন্টু গাজী নিহত হয়েছেন বলে ধারণা করছে পুলিশ।

এমবি