২০১৭ সালের আগে নিয়োগ পাওয়া সব ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের পদত্যাগের নির্দেশ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল।
বৃহস্পতিবার বিকাল ৪টার মধ্যে তাদের পদত্যাগ করতে বলা হয়েছে। ইতোমধ্যে কয়েকজন পদত্যাগপত্র জমাও দিয়েছেন।
এর আগে বুধবার দুপুরে বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে লিগ্যাল এইডের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের সম্পর্কে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, নতুন নিয়োগ হোক আর পুরান যারা আছে তারা থাকুক, কিন্তু নিয়োগ প্রক্রিয়া নতুন করে দেয়া হবে।
মন্ত্রী আরও বলেন, তাদের পদত্যাগের বিষয়টি চিঠির মাধ্যমে জানিয়েছি অ্যাটর্নি জেনারেলকে। তিনি নিশ্চয়ই পদক্ষেপ নিচ্ছেন।
তবে গতকাল পর্যন্ত কারও পদত্যাগপত্র না পাওয়ার কথা জানিয়েছিলেন আনিসুল হক।
প্রসঙ্গত, রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয় সরকার। রাষ্ট্রপতির মাধ্যমে আইন মন্ত্রণালয় এই নিয়োগ কার্যকর করে থাকে।
এবার নতুনদের নিয়োগ দিতে ২০১৭ সালের আগে নিয়োগ পাওয়া ডিএজি এবং এএজি পদে কর্মরতদের পদত্যাগ করতে বলা হয়।
এএস





