পাবনার চাটমোহর গুমানী নদীতে নৌকায় নর্তকী নিয়ে ফুর্তিকালে আটক হয়েছে নর্তকী ও ৫ যুবক। এদের প্রত্যেককে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বেলা ১২টায় চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের সবুজপাড়া সরকার বাড়ীর ঘাট এলাকা সংলগ্ন গুমানী নদীতে নৌকায় ভাড়া করা নর্তকীদের নিয়ে এই অশ্লীল কাণ্ডচলাকালে এদের আটক করা হয়। আটক হওয়া ৫ যুবকই উঠতি বয়সের।

থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিচারিক হাকিম মিজানুর রহমান নিজেই ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামের রহিম প্রামাণিকের ছেলে মোঃ রতন আলী (১৯), আব্দুর রহমানের ছেলে শহিদুল ইসলাম (২১), আক্কাছ প্রামাণিকের ছেলে মোঃ রফিকুল ইসলাম (২২), নিমাইচড়া ইউনিয়নের ধানকুনিয়া গ্রামের মজনুর রহমানের ছেলে মনিরুল ইসলাম (২০), মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস কুদ্দুস সরকারের ছেলে মোঃ আতিকুর রহমান (২১) এবং ভাড়া করা নর্তকীরা হলো- মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুণ্ডা গ্রামের অঞ্জুআরা (২৫), ময়ুরী (২৮)ও নাটোর হয়বতপুর এলাকার সাথী (২৪)।

পুলিশ জানায়, খবর পেয়ে ছাইকোলা সবুজপাড়া সরকার বাড়ির ঘাট নামক স্থানে গুমানী নদীতে অভিযান চালানো হয়। তখন একটি নৌকায় অর্ধ উলঙ্গ নৃত্য চলাকালে ৩ নারীসহ ৮ জনকে আটক করা হয়। এ সময় কয়েকজন নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। আটককৃতদের ভ্রাম্যমাণআদালত বাংলাদেশ দণ্ডবিধি আইনের ২৯৪ এর ‘ক’ ধারায় ও ১৯৯৪ এর ‘খ’ উপধারার বর্ণিত অশ্লীলতার অপরাধে প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশপ্রদান করেন ভ্রাম্যমাণআদালত।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন নদীতে নৌকা ভ্রমণের নামে প্রকাশ্যে অশ্লীল কর্মকাণ্ড চলছে। গত বৃহস্পতিবারও গুমানী নদীর মির্জাপুর এলাকা থেকে একটি নৌকায় অভিযান চালিয়ে ৩ নর্তকীসহ ৮ জনকে আটক করা হয়েছিল। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণআদালত।

কেএইচ