কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নে চিংড়ি ঘেরে ডাকাতি জন্য অস্ত্র মজুদের সময় ফজল কাদের ওরফে ফজইল্যা (৪০) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১১টি আগ্নেয়াস্ত্র ও ২১টি গোলাবারুদ উদ্ধার করা হয়। ফজইল্যা মহেশখালী ধলঘাটা মুহুরী পাড়া এলাকার মৃত হাজী মোহাম্মদ হোসাইনের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কক্সবাজার র‌্যাব ক্যাম্পের ইনচার্জ সিনিয়র সহকারী পুলিশ সুপার শরাফত ইসলাম।

তিনি বলেন, অস্ত্র মজুদের গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বদরখালী শাহরিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে ডাকাত ফজল কাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশ করে একটি ওয়ানশুটারগান পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদে অবৈধ অস্ত্র মজুদের বিষয়টি তিনি স্বীকার করেন। তার দেখানো স্থান থেকে ৭টি এসবিবিএল, তিনটি ওয়ানশুটারগান, ২১টি কার্তুজ, দুটি মোবাইল ও ৪ হাজার ৫৩২ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, মহেশখালী ও চকরিয়া থানায় তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি, ডাকাতি ও অন্যান্য ধারায় ১১টি মামলা রয়েছে।

এসএ