স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘ইজতেমা নিয়ে আমাদের মধ্যে মতোপার্থক্য সৃষ্টি হয়েছে। যতই মতোপার্থক্য হোক ইজতেমা বাংলাদেশে অনুষ্ঠিত হতে হবে এবং হচ্ছে।

আমাদের ধর্মপ্রাণ মুসল্লিরা দূর-দূরান্ত থেকে আসবেন, তাদের যাতে কোনো অসুবিধা না হয়, যাতে কোনো কষ্ট না হয়- এজন্য সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। যেভাবে প্রস্তুতিটা হয়েছে, কাজ হচ্ছে আশা করি সুন্দরভাবে ইজতেমা শেষ হবে।’

আজ বৃহস্পতিবার বিকালে টঙ্গীর ইজতেমা ময়দান চত্বরে এবারের বিশ্ব ইজতেমার অগ্রগতি বিষয়ক অবহিতকরণ সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইজতেমায় আগত মুসুল্লিদের যাতে কোনো কষ্ট না হয় এজন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিদেশী মেহমানদের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হলে তা যাচাই-বাছাই করে সব বিদেশী মেহমানদেরকে ভিসা দেয়া হবে।

তাবলীগ জামাতের বিদেশী মেহমানদের এরাইভাল ভিসা বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভিসার একটি নিয়মনীতি আছে, নিয়মনীতির মধ্যে থেকে যতটুকু সহযোগিতা করা দরকার সেটুকু আমরা করব। এ ব্যাপারে ইতোপূর্বে মন্ত্রণালয়ে ইজতেমার মুরুব্বিদের সঙ্গে আলোচনা হয়েছে।

অনুষ্ঠানে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, পুলিশের আইজি জাবেদ পাটোয়ারি, র্যা বের মহাপরিচালক মো. বেনজীর আহমদ, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন, গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, তাবলীগের দুই পক্ষের পাঁচজন করে ১০জন মুরুব্বীসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশ নেন।