জামালপুরে তুচ্ছ ঘটনায় ষাটোর্ধ মা ফাতেমা জামানকে বটি দা দিয়ে কুপিয়ে খুন করেছে ছেলে এমবিবিএস চিকিৎসক ফয়সাল ইবনে সাইদ পলাশ (৩৩)।  ঘাতক পলাশকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

শনিবার (০২ জুলাই) বিকেলে শহরের বজ্রাপুর এলাকায় নির্মম এ ঘটনা ঘটে।  খবর পেয়ে ফাতেমা জামানের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

পলাশ শহরের বজ্রাপুর এলাকার মৃত ছাইদুজ্জামানের ছেলে এবং তার মা ফাতেমা জামান।

স্থানীয় সূত্র জানায়, ফয়সাল ইবনে সাইদ পলাশ নিয়মিত মাদক সেবন করতো। এনিয়ে মায়ের সাথে প্রায় কলহে জড়িয়ে পড়তেন তিনি।

শনিবার বিকেলে মা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পলাশ ক্ষিপ্ত হয়ে বটি দা দিয়ে মা’কে এলোপাতাড়িভাবে কুপিয়ে আহত করে। পরে ঘটনাস্থলেই পলাশের মা ফাতেমা জামান মারা যান।

নিহত ফাতেমা জামানের মেয়ের জামাই জামালপুর সদর উপজেলার তিতপল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ সেলিম বলেন, চিকিৎসক ফয়সাল ইবনে সাইদ পলাশ এমবিবিএস চিকিৎসক হলেও তিনি সরকারি চাকরি করেন না। জামালপুর শহরের বিভিন্ন ক্লিনিকে রোগী দেখেন। কিছুদিন ধরে তাকে মানসিকভাবে বিপর্যস্ত দেখাচ্ছিল। ঘটনার সময় বাসায় আমার শাশুড়ি ফাতেমা জামান ছাড়া আর কেউ ছিল না।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিমুল ইসলাম জানান, মা’কে হত্যার অভিযোগে চিকিৎসক ফয়সাল ইবনে সাইদ পলাশকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর সঠিক রহস্য জানা যাবে।

এমবি