বাংলাদেশের সিলেটে শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলায় প্রধান অভিযুক্ত কামরুল ইসলামকে সৌদি আরব থেকে দেশে ফেরত আনা হচ্ছে আজ বৃহস্পতিবার।
এর আগে সৌদি আরব থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত জানান, দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে কামরুল ইসলামকে দেশে ফেরত আনার কথা রয়েছে।
গত ৮ই জুলাই সিলেটে সামিউলকেপিটিয়ে হত্যার ঘটনার পর পরই কামরুল ইসলাম সৌদি আরবে পালিয়ে যাওয়ার পর সেখানে ধরা পড়েন।
এরপর তাকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ পুলিশের তিন সদস্যের দল সৌদি আরবে যায়।
কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশের মধ্যে বন্দী প্রত্যর্পণ চুক্তি না থাকায় সামিউল হত্যা মামলার প্রধান অভিযুক্ত কামরুল ইসলামকে দেশে আনতে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের সহায়তা নেয়া হয়।
সৌদি আরবের কর্তৃপক্ষ আইনগত প্রক্রিয়া শেষ করে ইন্টারপোলের কাছে তাকে হস্তান্তর করে।
ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দেশে আনার পর কামরুল ইসলামকে সিলেটের আদালতে হাজির করে হত্যা মামলাটিতে গ্রেফতার দেখানো হবে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডেও নেয়া হতে পারে।
এদিকে শেখ সামিউল আলম রাজন হত্যা মামলায় কামরুল ইসলামসহ তিনজনকে পলাতক দেখিয়ে মোট ১৩জনের বিরুদ্ধে সিলেটের আদালতে এখন বিচার চলছে।
গত ৮ই জুলাই সামিউলকেপিটিয়ে হত্যার পর অভিযুক্তরাই সেই ঘটনার ভিডিও ফেসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দিয়েছিল। তখন এনিয়ে সারা দেশে মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
এমআর





