কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে আবারো সংঘর্ষ ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার ঘোড়ামারা বাজারে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দু-গ্রুপ একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ ও গুলি চালায়।
দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। আহতরা হলেন- রুবেল (২৩) দশারত (৪৫) আমির আলী (৬০) এন্তাদুল (৩৫) মশিরুল (৩০) রাসেল (২৪) আফাজ (৩৮) রয়েল (২৫)। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দশ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রিফাইতপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী গ্রুপের সেকেন্দার মেম্বার ও হানিফপন্থী নামে পরিচিত সুমন গ্রুপের ছাদিয়ার রহমান সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতরা দৌলতপুর ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০ রাউন্ড ফাঁকা গুলি চালিয়েছে পুলিশ। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রিফাইতপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৬ জন আহত হয়। এ ঘটনায় সমাজসেবা কর্মকর্তা লাঞ্চিত হয়।
এআই





