জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত ফাঁড়ির চেঁচরা মাঠ থেকে এক কোটি ৭০ লাখ টাকা মূল্যের ৮৫টি মৃগনাভি (কস্তুরি) আটক করেছে জয়পুরহাট ৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কয়া সীমান্ত ফাঁড়ির সদস্যরা।
জয়পুরহাট ৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. আ. খবীর সরকার শনিবার দুপুরে সাংবাদিকদের জানান, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আনার পথে চেঁচরা মাঠ থেকে পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা বাক্স বন্দি মৃগনাভিগুলি আটক করে। এ সময় বিজিবি’র অবস্থান টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে যাচাই বাছাই করে মৃগনাভিগুলোর মূল্য নিশ্চিত করা হয়েছে।
তিনি আরও জানান, এ ব্যাপারে পাঁচবিবি থানায় ডায়েরি করার পর মৃগনাভিগুলো দিনাজপুরের হিলি শুল্ক গুদামে জমা দেওয়ার জন্য পাঠানো হয়েছে।
এমএইচ





