রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে অপহৃত দুই শিশুকে টঙ্গি রেলওয়ে স্টেশন এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার বিকেলের দিকে তাদের উদ্ধার করে র‌্যাব-১ এর একটি দল।

র‌্যাব-১ এর এএসপি মোহাম্মদ ফজলে এলাহী জানান, গত ১৪ সেপ্টেম্বর দক্ষিণখান এলাকা থেকে সেখানকার বাসিন্দা কাজী সুলতানের ছেলে প্রহরকে (৩) অপহরণ করা হয়।

এরপর বিকাশের মাধ্যমে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় কাজী সুলতানের অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা নজরদারী চালিয়ে টঙ্গি রেল স্টেশন এলাকা থেকে প্রহরকে উদ্ধার করে র‌্যাব-১ এর একটি দল।

এছাড়াও জিলানী (৪) নামে আরও এক শিশুকে উদ্ধার করে র‌্যাব। অভিযানে এ ঘটনার সঙ্গে জড়িত মারুফা (২৭) ও আমজাদকে (৩২) আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এমকে