৫ দফা দাবিতে আগামী ২০ জুলাই থেকে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবানের ১৯ রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম-রাঙ্গামাটি মোটর মালিক সমিতি।

শনিবার সংগঠনটির সভাপতি মো. মঈন উদ্দিন সেলিম ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আবদুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে পাঠানো হয়।

যোগাযোগ করা হলে চট্টগ্রাম-রাঙ্গামাটি মোটর মালিক সমিতির সভাপতি মো. মঈন উদ্দিন সেলিম যুগান্তরকে বলেন, 'আমরা দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে পাঁচটি দাবি জানিয়ে আসছি। দাবিগুলো পূরণ করা হবে বলে বারবার আশ্বাস দেয়া হলেও এ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেই। তাই ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।'

তাদের দাবিগুলো হলো- রাঙ্গামাটি রুটে বিআরটিসি পরিবহন সম্পূর্ণরুপে বন্ধ করা, পাহাড়িকা সার্ভিসের গাড়ি জনস্বার্থে চট্টগ্রাম শহরের নিউমার্কেট পর্যন্ত চলাচলের ব্যবস্থা করা, রাঙ্গামাটি থেকে বড়উছড়ি-রাজস্থলী-বান্দরবান রুটে বন্ধ থাকা রাস্তা মেরামত করে নিরাপদ ও নির্বিঘ্নে গাড়ি চলাচলের ব্যবস্থা নেয়া, রাঙ্গামাটি কেন্দ্রীয় বাস টার্মিনালের অবৈধ দখলদার উচ্ছেদ, শ্রমিক ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করা এবং যত্রতত্র গাড়ি রিকুইজিশন বন্ধ করা।

ওএফ