হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরবিমান ছিনতাই চেষ্টার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি থাকার অভিযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ছয়জন নিরাপত্তাকর্মীকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৪ মার্চ) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

প্রত্যাহার হওয়া কর্মীদের মধ্যে রয়েছেন- অভ্যন্তরীণ টার্মিনালের সশস্ত্র নিরাপত্তা প্রহরী মো. ইউনুস হাওলাদার, হেভি লাগেজ গেটে (উত্তর) স্ক্যানিংয়ের নিরাপত্তা সুপারভাইজার মো. লেহাজ উদ্দিন ভূঁইয়া, বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের কেবিন ব্যাগেজ স্ক্যানিং গেটের অপারেটর আনসার সদস্য আলীম হোসেন, বডি সার্চার আনসার সদস্য মাহফুজুর রহমান ও হেভি লাগেজ গেট উত্তরের বডি সার্চার আনসার সদস্য সাদ্দাম হোসেন।

এছাড়া ঘটনার সময় কর্তব্যরত এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্সের (এভসেক) সদস্য পোস্ট সুপারভাইজার সার্জেন্ট সাযেদুল ইসলামকেও তার বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে বাংলাদেশ বিমানবাহিনীতে সংযুক্ত করা হয়েছে।