নতুন নিয়োগ পাওয়া ৬ হাজার ডাক্তারের কেউ যদি কমপক্ষে দুই বছর মফস্বলের কর্মস্থলে না থাকেন, তাহলে শোকজ ছাড়াই সরাসরি তাদের চাকরিচ্যুত করা হবে। বুধবার এ ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

স্বাস্থ্যমন্ত্রী জানান, এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। কোনো অজুহাতে দুই বছরের আগে কাউকে মফস্বলের কর্মস্থল থেকে প্রত্যাহারও করা হবে না।

এ ব্যাপারে তিনি সকল সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন।

বুধবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আমি সমালোচনায় ভয় পাই না। কাজ করলে সমালোচনা হবেই। কাজ না করলে কোনো সমালোচনা থাকে না।’

মোহাম্মদ নাসিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন যে প্রতিশ্রুতি দেন, তা তিনি রক্ষা করেন। এবার প্রতিশ্রুতি দিয়েছিলেন- গ্রামে ডাক্তার নিয়োগ দেবেন। সে অনুযায়ী গত ৫ আগস্ট আমি নিজ হাতে ৬ হাজার ডাক্তারের নিয়োগপত্র দিয়েছি। সকল এমপিকে চিঠি দিয়ে এই তালিকা জানানো হয়েছে। কার এলাকায় কত ডাক্তার দেওয়া হয়েছে, সেটির তালিকাও দিয়েছি।’

মন্ত্রী বলেন, ‘নিয়োগপ্রাপ্ত ডাক্তাররা সবাই তরুণ। এবার আমরা কিছু নীতিমালা করেছি, যা আগে ছিল না। এবারই প্রথম ডাক্তারদের নিজ জেলায়, উপজেলায় এমনকি নিজ ইউনিয়নেও নিয়োগ দেওয়া হয়েছে, যেন তারা নিজ এলাকার মানুষের, স্বজনদের সেবা করতে পারেন। দুই বছর নিজ এলাকায় থাকতে হবে। এক্ষেত্রে কোনো ব্যত্যয় সহ্য করা হবে না।’

তিনি আরও বলেন, ‘পদ খালি না থাকার সবাইকে নিজ জেলা বা উপজেলায় দেওয়া সম্ভব হয়নি। তাদের পাশের এলাকায় দিয়েছি। স্বামী-স্ত্রী দুজনই ডাক্তার হলে চেষ্টা করেছি একই জেলায় তাদের নিয়োগ দিতে। এমপিদের দায়িত্ব এটা দেখার। তাদের এলাকায় মানুষ ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন কি না, ডাক্তাররা ঠিকমতো দায়িত্ব পালন করছেন কি না। কেউ যদি দায়িত্বে অবহেলা করে, দয়া করে আমাকে জানান, আমি ব্যবস্থা নেব। এ ব্যাপারে আমি এমপিদের সহযোগিতা চাই।

ঢাকা, ০৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ