ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের লঞ্চঘাটে মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৫ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
রোববার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনায় ঘটে। এ দিকে ট্রলার ডুবির পর ভেসে উঠা এক বৃদ্ধকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সকাল ৯টার দিকে এই রিপোর্ট লেখার সময় উপজেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস, ডুবুরি দলসহ সংশ্লিষ্টরা উদ্ধার তৎপরতা চালাতে ঘটনাস্থলে অবস্থান করছেন।
ট্রলারের যাত্রী কিশোরগঞ্জ ভৈরবের তবারক মিয়া জানান, যাত্রী ও মালামাল নিয়ে ট্রলারটি ভৈরব থেকে ছেড়ে আসে। আশুগঞ্জ লঞ্চঘাটে আসার পর ১০-১২জন যাত্রী একসঙ্গে ওঠার চেষ্টা করলে ট্রলারটি ডুবে যায়। তবে এ সময় বেশিরভাগ যাত্রীই পাড়ে উঠে যায়। ট্রলারটি কিশোরগঞ্জের অষ্টগ্রামে যাওয়ার উদ্দেশে ভৈরব থেকে ছেড়ে আসে।
আশুগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ কুমার সিংহ সকাল ৯টার দিকে জানান, ঢাকা থেকে আসা ডুবুরি দল কিছুক্ষণের মধ্যেই উদ্ধার কাজে যোগ দিবেন। যাত্রীরা জানিয়েছেন সবাই তীরে ওঠে গেছেন। তারপরও আশঙ্কা থেকেই উদ্ধার তৎপরতা চালানো হবে।
এমকে





