আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ নয়। এটি অবৈধ বলে হাইকোর্ট যে রায় দিয়েছে তা সংবিধান সম্মত নয়। এ রায় দেয়ার এখতিয়ার বিচারপতিদের নেই।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেয়া এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, “ষোড়শ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেয়া রায়ের বিষয়ে আগামী রোববার বা সোমবার সরকার আপিল করবে। কারণ ওই সংশোধনী মোটেই অবৈধ না।

বরং বিচার বিভাগের স্বাধীনতা ও বিচারকদের সম্মান অক্ষুণ্ণ রাখতেই ষোড়শ সংশোধনী পাস করা হয়েছিল। এই সংশোধনী বিষয়ে ওনারা যা বলেছেন তা পালনযোগ্য নয় (নট মেনটেইনেবল)।”

পরে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন ও সুবিধাদি সম্পর্কিত বিল উত্থাপনের পর্যায়ে আবার বলেন, “এ রায় সংবিধান সম্মত নয়। এ রায় দেয়ার এখতিয়ার বিচারপতিদের নেই।”

এ বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর বিবৃতি চেয়ে সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সরকারি দলের সদস্য শেখ ফজলুল করিম সেলিম, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক (চুন্নু), জাতীয় পার্টির সদস্য কাজী ফিরোজ রশীদ, ফখরুল ইমাম ও জাসদের সদস্য মইনউদ্দিন খান বাদল।

প্রসঙ্গত, বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে বৃহস্পতিবার রায় দেন হাইকোর্ট। -বাসস।

ওএফ