তিন শতাধিক ইয়াবা ট্যাবলেটসহ রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কনস্টেবল সাদ্দামকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় আটক করা হয়েছে তার এক সহযোগীকে, জব্দ করা হয়েছে তার ব্যবহৃত মোটরসাইকেলটিও।
গতকাল (২৪ অক্টোবর) বৃহস্পতিবার রংপুর সদর উপজেলার পালিচড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
অভিযান পরিচালনাকারী রংপুর সদর কোতয়ালী থানার এসআই আতাউল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়নের পালিচড়াহাট থেকে ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়। এসময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
সাদ্দাম আরপিএমপি পুলিশ লাইনের ক্যান্টিন দেখাশোনার দায়িত্বে আছেন।
সাদ্দাম বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আলতাফ হোসেনের পুত্র। এসময় তার সহযোগী একই গ্রামের আবেদ আলীর পুত্র মিলনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, পুলিশ কনস্টেবল সাদ্দাম দীর্ঘদিন ধরে তার সহযোগীদের নিয়ে বিভিন্ন ধরনের মাদক ব্যবসা করে আসছিলেন। এছাড়াও তাদের বিরুদ্ধে মাদক কারবারিদের জিম্মি করে টাকা আদায়েরও অভিযোগ আছে।
এমবি





