তীব্র তাপদাহের কারণে গাইবান্ধায় কয়েকটি স্কুলের চার শিক্ষার্থী শ্বাসকষ্ট জনিত রোগে অসুস্থ হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে স্কুল চলাকালীন এ ঘটনা ঘটে।

অসুস্থ চার শিক্ষার্থী হলো- সুমাইয়া আকতার (১৩), জোহেলা (১২) স্বর্ণা (১৪) এবং উম্মে হাবিবা বৃষ্টি। এদের মধ্যে সুমাইয়াকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাইবান্ধা আধুনিক হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানা যায়, দুপুর ১২টায় সুমাইয়া, জোহেলা, স্বর্ণা এবং উম্মে হাবিবা শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আসে।

এদের মধ্যে সুমাইয়ার অবস্থার অবনতি হওয়ায় তাকে রমেক হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে জোহেলা গাইবান্ধা হাসপাতালে ভর্তি। বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতনের উপাধক্ষ্য মাজহারুল মান্নান বাংলানিউজকে বলেন, তীব্র গরমের কারণে এ ঘটনা ঘটেছে। স্কুল কর্তৃপক্ষ অসুস্থ চার শিক্ষার্থীকে অভিভাবকদের হাতে তুলে দিয়েছেন।

ওএফ