এবার রাজধানীর ব্যস্ততম ফার্মগেট এলাকায় দিনে দুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা তাজউদ্দিন নামের এক ব্যক্তিকে অস্ত্রের মুখে ১ লাখ ২৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়।
বুধবার দুপুর ১২ টার দিকে আনন্দ সিনেমা হলের বিপরীতে তেজগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ছিনতাইয়ের এঘটনা ঘটে। তাজউদ্দিনের বাড়ি রাজধানীর বংশাল এলাকায়। সে সায়েদাবাদ বাস টার্মিনাল সংলগ্ন একটি বাস ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মচারী।
ছিনতাইয়ের শিকার ওই ব্যক্তি জানান, সকাল সাড়ে ১১টায় তিনি সোস্যাল ইসলামী ব্যাংকের কাওরান বাজার শাখা থেকে ১লাখ ২৫ হাজার টাকা উত্তোলন করেন। উত্তোলিত টাকা তেজগাঁওয়ে বিআরটিএ অফিসের জমা দেয়ার উদ্দেশ্যে বের হন। পায়ে হেটে যাবার পথে তেজগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ৭/৮ জন ছিনতাইকারী জাপটে ধরে। পিছন থেকে দুইজন গলা চেপে শ্বাসরোধ করে টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়।
এব্যাপারে বাস ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মকর্তা স্বপন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাজউদ্দিনকে নিয়ে যান। তিনি বলেন, সম্ভবত ব্যাংকে টাকা উত্তোলনের সময় থেকেই কয়েকজন ফলো করে এসেছিল। এব্যাপারে থানায় একটি জিডি করবেন বলে জানান তিনি।
এব্যাপারে তেজগাঁও থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম টাইম নিউজবিডিকে বলেন, এধরণের ঘটনার কোনো খবর এখনো পাই নি। আমি পুলিশ কমিশনারের অফিসে মিটিংয়ে আছি। অভিযোগ আসছে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।
ঢাকা, জেইউ, ২৩ এপ্রিল(টাইমনিউজবিডি.কম)//এসএইচ