রাজধানীর মহাখালীর কড়াইল বস্তি ও কমলাপুরে টিটি পাড়া বস্তিতে মাদকবিরোধী অভিযানে পুলিশ ৮২ জনকে গ্রেফতার করেছে।

উদ্ধার করেছে ৩৫ হাজার পিস ইয়াবা, ১ মণ গাঁজা, বিপুল পরিমাণ বাংলা মদ ও দেশীয় আগ্নেয়াস্ত্র। গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় শুরু হয় এ অভিযান। রাত ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিল। অভিযানে ডিএমপির এক হাজারের বেশি পুলিশ সদস্য রয়েছে।

ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, কমলাপুর টিটিপাড়া বস্তি থেকে ৫২ এবং মহাখালী কড়াইল বস্তি থেকে ৩০ জনকে আটক করা হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে ৩৫ হাজার পিস ইয়াবা, ১ মণ গাঁজা, বিপুল পরিমাণ বাংলা মদ ও দেশীয় আগ্নেয়াস্ত্র।

তিনি বলেন, কড়াইলের অভিযানে এক হাজার ডিএমপির সদস্য, গুলশান থানা পুলিশ, কাউন্টার টেররিজম এবং মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা রয়েছেন। মনিরুল ইসলাম আরো বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স অবস্থান রয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

জেড