নরসিংদীর বেলাব থেকে অপহরণের দুদিন পর ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রকে রাজধানীর খিলগাঁও এলাকার নন্দীপাড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় তিন অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লা সদর উপজেলার বরই গ্রামের সামসুল হকের ছেলে শাহিন মিয়া, যশোরের শার্শা উপজেলার কাজীরবেড় গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রাশেদুল ইসলাম সুমন ও ময়মনসিংহের নান্দাইল থানার বিরাশি গ্রামের হালিম উদ্দিনের ছেলে মাসুদ মিয়া।

শনিবার দুপুরে নরসিংদীর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার বেলাব উপজেলার সররাবাদ গ্রামের হারিছ মিয়ার ছেলে নারায়ণপুর সরাফত উল্লাহ উচ্চবিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র জাহিদ হাসানকে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর বাসস্ট্যান্ড থেকে অপহরণ করা হয়।

অপহরণের পর মাইক্রোবাসযোগে ঢাকার খিলগাঁও এলাকার নন্দীপাড়ার একটি বাসায় নিয়ে আটক রেখে অপহরণকারীরা পরদিন শুক্রবার জাহিদের বড় ভাইয়ের মোবাইলে ফোন করে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।

এ ঘটনায় জাহিদের পরিবার বেলাব থানায় সাধারণ ডায়েরি করলে পুলিশ মোবাইল ট্র্যাকিং করে শুক্রবার রাতে ঢাকার খিলগাঁও এলাকার নন্দীপাড়াস্থ ইব্রাহিম তালুকদারের বাসা থেকে থেকে অপহৃত জাহিদকে উদ্ধার করে। এসময় তিন অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

ঢাকা, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই