মৌলভীবাজার পৌরসভার বড়হাটের জঙ্গি আস্তানায় চূড়ান্ত অভিযান শুরু করেছে সোয়াত। শুক্রবার সাড়ে ৮টার দিকে সোয়াত ও বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর কিছু সময় পর অভিযান শুরু হয়।
ভোর থেকে আবু শাহ (রহ.) দাখিল মাদ্রাসার পার্শ্ববর্তী জঙ্গি আস্তানা ঘিরে রাখে র্যাব ও পুলিশ সদস্যরা।
নাসিরপুরের অভিযান শেষে ওই আস্তানায় অভিযানের কথা শুনে আতংকে পার্শ্ববর্তী বাড়িঘরের বাসিন্দাদের অন্যত্র চলে যেতে দেখা যায়।
তবে এখানে কয়জন জঙ্গি আছে, তারা জীবিত না মৃত তা এখনও বলতে পারেনি আইনশৃংখলা বাহিনী।
উল্লেখ্য, গত বুধবার ভোর সাড়ে ৫টা থেকে মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকার একটি দোতলা বাড়ি এবং সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার নাসিরপুরের একতলা একটি বাড়িতে জঙ্গি আস্তানার সন্ধান পায় আইনশৃংখলা বাহিনী।
বৃহস্পতিবার বিকালে মৌলভীবাজারের নাসিরপুরে জঙ্গি আস্তানায় সোয়াতের `অপরাশেন হিটব্যাক’ শেষ হয়। এখানে ৭-৮ জন জঙ্গি নিহত হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
এমই





