‘জানব জানাব, দুর্নীতি রুখব’-এই স্লোগান নিয়ে বরিশালে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় এবং ১০টায় যথাক্রমে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) র‌্যালি বের করে।

এরপর অশ্বিনী কুমার হলে আলোচনা সভা অনিুষ্ঠিত হয়। উদ্বোধনী বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. গাউস বলেন, ‘দুর্নীতি দারিদ্র্য বৃদ্ধি করে। তবে সরকার তথ্য জানার অধিকার বাস্তবায়ন করে দুর্নীতি রোধে সহায়কের ভূমিকা পালন করছে। এখন আমাদের এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করে জনতাকে এর সুফল পেতে সহায়তা করতে হবে।’

সনাক বরিশাল জেলা কমিটির সভাপতি প্রফেসর এম মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন তথ্য মেলা উদযাপন কমিটির আহ্বায়ক সাইফুর রহমান মিরন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের পরিচালক আবু মো. আরিফ সিদ্দিকী, সিভিল সার্জন ডা. এটিএম মিজানুর রহমান।

দিবসটি উপলক্ষে টিআইবি ২ দিনব্যাপী তথ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। তথ্য মেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।

জেআই