কুষ্টিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পরবর্তী দ্বন্দকে কেন্দ্র করে শাহিন আলী (৩৫) নামে এক হোটেল মালিককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় রাতে প্রতিপক্ষের বাড়ি ঘড় ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার আইলচারা ইউনিয়নের জোয়ার্দ্দার পাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে হোটেল বন্ধ করে আইলচারা বাজার থেকে বাড়িতে ফিরছিল শাহিন আলী। জোয়ার্দ্দার পাড়ার কাছে এসে পৌঁছালে ৬ থেকে ৭ দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে যখম করে পালিয়ে যায়।

এ সময় শাহিন আলীর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে মৃত্যুর খবর জানাজানি হলে প্রতিপক্ষের বাড়ি ঘর ভাঙচুর ও হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

নিহতের ছোট ভাই শামিম রেজা জানান, চতুর্থ ধাপের নির্বাচনে তার ভাই আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মোতালেব হোসেনের পক্ষে কাজ করেন। এ নিয়ে স্বতন্ত্র হিসেবে বিজয়ী চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের সমর্থক স্থানীয় জোয়ার্দ্দার পরিবারের লোকজন তার ওপর ক্ষুব্ধ ছিলেন। ওই ঘটনার জের ধরে তার ভাইকে হত্যা করা হতে পারে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী জানান, এটা পরিকল্পিত হত্যা নাকি নির্বাচনী সহিংসতায় হত্যা তা সঠিকভাবে বলা যাচ্ছে না। তার মরদেহ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমবি