রাজধানীর সূত্রাপুর ও কাফরুল এলাকায় পৃথক ঘটনায় শেখ মনির হোসেন (৩৫) ও কাফরুলে সিরাজ মিয়া (৩৮) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার রাত দেড়টার দিকে সূত্রাপুর থানাধীন ৪৮ নম্বর রামমোহন দাশ লেন এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হন মনির হোসেন। তার পিতার নাম জাহিদ হোসেন।
অন্যদিকে সোমবার রাতে কাফরুল এলাকায় জামাই জসিম উদ্দিনের ছুরিকাঘাতে নিহত হন সিরাজ মিয়া।
ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাস জানান, গুরুতর আহত অবস্থায় রাতে মনির হোসেনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
নিহতের ছেলে গিয়াস উদ্দিন অভিযোগ করে বলেন, তার বোনের বিদেশ থেকে কষ্ট করে পাঠানো টাকা সে টাকা জুয়া খেলে নষ্ট করে। রোববার রাতে আমার আরেক বোন টাকা কোথায় কি করে এসব জানতে চাইলে তাকে গালাগালি শুরু করে। আমি এর প্রতিবাদ করতে গেলে সে ক্ষিপ্ত হয়ে আমাকে ছুরিকাঘাত করতে গেলে বাবা এগিয়ে আসেন। এ সময় তাকেও ছুরিকাঘাত করে জসিম উদ্দিন।
পরে গুরুতর আহত অবস্থায় সিরাজ মিয়াকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রয়েছে।
এমআর/কেএইচ





